আদর্শ সমাজ বিনির্মাণ ও দ্বীনি দাওয়াতকে কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে ইমামদের দক্ষ করে গড়ে তুলতে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ৫ দিনব্যাপী ‘ইমাম প্রশিক্ষণ’-এর প্রথম ব্যাচ সফলভাবে সম্পন্ন হয়েছে। এতে প্রশিক্ষণ গ্রহণ করেছেন ৯৪ জন ইমাম। ২৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ফাউন্ডেশনের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সারাদেশ থেকে ১২০০-এর অধিক ইমাম আবেদন করেন। সেখান থেকে ১০০ জন প্রতিভাবান ইমামকে নির্বাচিত করা হয়। তন্মধ্যে ৯৪ জন সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করেন।

সমাজের সবচেয়ে জনসম্পৃক্ত ও অন্যতম গুরুত্বপূর্ণ মানুষটি হলেন মসজিদের ইমাম। সমাজের নানা ক্ষেত্রে ইমামদের ভূমিকা অপরিসীম। তারা কেবল নামাজের ইমামতিই করেন না, সাধারণ মানুষের দুঃখ-কষ্ট, সামাজিক ও দ্বীনি সমস্যার সমাধানের প্রধান ভূমিকা পালন করেন। তাই সমকালীন প্রেক্ষাপটে দ্বীনি দাওয়াতকে আরও কার্যকর ও যুগোপযোগী করতে ইমামদের গভীর ইলমের পাশাপাশি জাগতিক ও কারিগরি বিষয়ে দক্ষ অপরিহার্য। এই লক্ষ্যকে সামনে রেখেই আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই ইমাম প্রশিক্ষণের আয়োজন। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণে ২০ টিরও অধিক গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

তন্মধ্যে ছিণ আদর্শ ইমামের গুণাবলি, লিডারশিপ, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, ইমোশনাল ইন্টেলিজেন্স, দাওয়াহ ও মনস্তত্ত্ব, মুসলিম মানসে সংশয় ও তার প্রতিকার, সুদমুক্ত সমাজ গঠন, স্বাস্থ্য সচেতনতা, শরীরচর্চা, মসজিদকে প্রোডাক্টিভ করার কৌশল, পাবলিক স্পিকিং, টাইম ম্যানেজমেন্ট, ফ্যাক্ট চেকিং ও মডার্ন টুলস ব্যবহারের কৌশলের মতো গুরুত্বপূর্ণ টপিক। প্রশিক্ষণার্থী ইমামদের আবাসন ও খাবারসহ যাবতীয় সব ব্যবস্থা ছিল আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি। দূর-দূরান্ত থেকে আগত ইমামদের সম্মানার্থে যাতায়াত খরচও প্রদান করা হয়। এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা ইমামদের ওপর অর্পিত দায়িত্ব পালনে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। তাদের মাধ্যমে সমাজে ছড়িয়ে পড়বে সুন্নাহর আলো এবং উন্মোচিত হবে মানবসেবার নতুন দিগন্ত ইনশাআল্লাহ।
